ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) দুপুর ২ টার দিকে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৪/১ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট কলোনির মৃত মহিউদ্দীনের ছেলে।


স্থানীয়রা জানান, জিন্নাত আলীসহ আরও কয়েকজন দুপুরে বাড়ির অদূরে ভারতের সীমান্তে ঢুকেছিলেন ঘাস কাটার জন্য।


পরে নাগর নদীতে ঘাস পরিষ্কার করতে যান। এক পর্যায়ে তারা নদী থেকে উঠে বাংলাদেশ সীমান্ত এলাকায় গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জিন্নাত আলী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় অন্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসার পথে তিনি মারা যান।


রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জগদল ক্যাম্পের কমান্ডার আব্দুল মোমিন জানান,গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।


বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, আজ দুপুরে জিন্নাত আলী নামে এক বাংলাদেশি ভারতীয় সীমান্তের শুন্য রেখা অতিক্রম করলে বিএসএফ টহল দল গুলি করে। আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে চলে আসেন। চিকিৎসার জন্য ঠাকুরগাঁও নেওয়ার পথে তিনি মারা যান।

ads
ads
ads

Our Facebook Page

↑